শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস
- সর্বশেষ আপডেট ০৪:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 111
শিল্পখাতে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ও আংশিক বন্ধ কারখানাগুলোর প্রকৃত অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদনও চেয়েছে সরকার।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও বলেন, সরকারের ইতিবাচক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। একই সঙ্গে পুরোপুরি বন্ধ এবং আংশিক উৎপাদনে থাকা কারখানাগুলোর অবস্থা, ক্ষয়ক্ষতি ও কী ধরনের সহায়তা প্রয়োজন—তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।































