শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক হতে হবে: কিরন এমপি
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 46
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন বলেছেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সফিকুর রহমান কিরন বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নড়িয়ার শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাউয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ফারহানা কাদির রহমান, বাংলাদেশের তৃতীয় এভারেস্টজয়ী নারী নুরুন নাহার নিম্মি, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী সামসুল আলম দাদন ও সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























