শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব চলবে না

- সর্বশেষ আপডেট ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 321
শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে করাপশন ফ্রি রাখা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না।
রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দুটি বিষয়ে সরকার একেবারেই আপসহীন—দুর্নীতি ও দলীয়করণ। ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতেই পারে, তবে শিক্ষা ব্যবস্থার ভেতরে কোনো পলিটিসাইজেশন হতে দেওয়া হবে না।
শিক্ষকদের লিখিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন দাবির মধ্যে যেসব ‘স্ট্যান্ডিং ইস্যু’ রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানে যেতে চায় সরকার, যাতে পাঁচ বা সাত বছর পর একই দাবিতে পুনরায় আন্দোলনের প্রয়োজন না পড়ে।
শিক্ষকদের মর্যাদা ও শ্রেণিকক্ষে তাদের দায়িত্বের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। কারিকুলাম সংস্কারের বিষয়ে তিনি জানান, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা ও আলিয়া—সব ধারাকে একটি সাধারণ কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে; তবে তা ধীরে ও পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্ভব নয়; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং আর্থিক হিসাব প্রস্তুতের কাজ চলছে।
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এগুলো আবেগের নয়, বাস্তব প্রয়োজন থেকে এসেছে। প্রস্তাবগুলো আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হলে বাস্তবায়ন সহজ হবে।
এনটিআরসিসহ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো নিয়েও সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা—এই তিন বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাঠামোগত সাদৃশ্য আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া।






























