লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ: বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 104
লালমনিরহাটের তেলিপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো বোনের শাবলের আঘাতে প্রাণ হারিয়েছেন সুমন নামের এক যুবক। শুক্রবার রাতের এই হামলায় গুরুতর আহত সুমন শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতক বোন ও তার বাবাকে আটক করেছে।
লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের সাথে তার চাচা আব্দুস সোবহানের পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিরোধের জের ধরে শুক্রবার (১০ এপ্রিল) রাতে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালীন চাচাতো বোন রোজিনা বেগম একটি ধারালো শাবল দিয়ে সুমনের ওপর হামলা চালান। শাবলের আঘাতে সুমনের মাথায় ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। তবে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুমনের চাচা আব্দুস সোবহান এবং তার মেয়ে রোজিনা বেগমকে আটক করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা সুমন হত্যার প্রাথমিক অভিযোগের এজাহার পেয়েছি। সেই মোতাবেক অভিযুক্ত বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

































