রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
- সর্বশেষ আপডেট ০১:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 21
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এ সাফল্য অর্জন করে দলটি। একই প্রতিযোগিতার ‘ফিউচার ইনোভেটরস সিনিয়র’ ক্যাটাগরিতে সপ্তম হয়েছে বাংলাদেশের আরেক দল ‘টিম অডিসি এক্স’।
২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেয় মোট চারটি দল।
ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।
এ ছাড়া বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ। কোচের দায়িত্বে ছিলেন নাসির খান সৈকত।
বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এ সাফল্য রোবটিকস ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে আশা করছেন বিজয়ী দল ও আয়োজকেরা।































