রায়পুরায় শত বছরের চলাচলের রাস্তা বন্ধ, চরম জনদুর্ভোগ

- সর্বশেষ আপডেট ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 175
নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকায় মেথিকান্দা গ্রামে শত বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রতিদিন শতশত মানুষকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, রায়পুরা পৌর শহরে একটি জনবহুল এলাকার মধ্য দিয়ে চলে যাওয়া মেথিকান্দা-খাকচক এলাকার এই রাস্তাটি প্রায় শত বছর ধরে এলাকার মানুষ স্কুল-কলেজ, হাটবাজার, মসজিদ, হাসপাতালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে নিয়মিত ব্যবহার করে আসছিল। সম্প্রতি অদৃশ্য ক্ষমতার অধিকারী প্রভাবশালী বাদল দত্ত নামের এক ব্যক্তি নিজেদের স্বার্থে রাস্তাটির একটি অংশ দখল করে চলাচল বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, বয়স্ক ,বিভিন্ন পেশাজীবি সকল শ্রেণির মানুষ, নারী ও রোগীরা।এতে করে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, এই বিষয়টি নিয়ে একাধিকবার বাদল দত্তকে বলার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে জানতে বাদল দত্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় এলাকাবাসীর দূর্ভোগটি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।































