রামিসা হত্যা: হাইকোর্টের রায় কাল

- সর্বশেষ আপডেট ০৫:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 66
আলোচিত স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুনানি শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার প্রধান আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।
সবশেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এখন হাইকোর্টের রায়ের অপেক্ষা।































