রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 110
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় পড়া শুরু করেন।
রায় ঘোষণার আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। তাদের মহানগর হাজতখানা থেকে আদালতের এজলাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।
এর আগে সকালে কারাগার থেকে এনে দুই আসামিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
আলোচিত এই মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার কারণে বিশেষভাবে আলোচনায় আসে। গত ১৯ মে সংঘটিত ঘটনার পরদিন মামলা দায়ের করা হয়। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত সংস্থা।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঘটনার পাঁচ দিনের মাথায় চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়।
ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে রায় ঘোষণার পর্যায়ে পৌঁছানোয় এটি দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুত নিষ্পত্তিকৃত আলোচিত মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।































