রামিসা হত্যার দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 42
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গতিতে কাজ করছে এবং মামলাটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আলোচিত বিভিন্ন ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, তদন্ত শেষে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। শুধু এই মামলা নয়, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ার একটি ধর্ষণ মামলা এবং গাজীপুরের বহুল আলোচিত হত্যাসহ সাম্প্রতিক সব গুরুত্বপূর্ণ ঘটনার তালিকা করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন, পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে এবং বাহিনীতে সংস্কার আনার পরিকল্পনাও সরকারের বিবেচনায় আছে। একই সঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব ইস্যুতে কাজ চলছে, তবে ফল পেতে সময় লাগবে।
পশ্চিমবঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি একে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান।
আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যেকোনো প্রত্যাবর্তন আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।
































