রাজধানীতে ঝুম বৃষ্টি, চরম ভোগান্তি
- সর্বশেষ আপডেট ১০:৩৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 15
ঢাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘর থেকে বের হওয়া মানুষকে। বৃষ্টি কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, তৈরি হয় জলজট। বুধবার (২৯ এপ্রিল) ভোরে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।
অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরো বেড়ে যায়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।































