যে কারণে বিএনপির ৬ নেতা বহিষ্কার

- সর্বশেষ আপডেট ০৩:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 101
বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে স্কুলে শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গাজীপুরের শ্রীপুরে বিএনপির ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (২২ এপ্রিল) বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলের বিবৃতিতে বলা হয়, গত ১৯ এপ্রিল বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ওই নেতারা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন।
ঘটনার পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় শৃঙ্খলা ও নীতির পরিপন্থি আচরণ হিসেবে ঘটনাটিকে দেখা হয়েছে। এ কারণেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু এবং সাবেক সদস্য আরমান আলী, মো. মাহবুব আলম ও রফিকুল ইসলাম।
উপজেলা বিএনপি জানিয়েছে, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।































