যে কারণে পালাক্রমে নিখোঁজ হচ্ছে নাসার বিজ্ঞানীরা

- সর্বশেষ আপডেট ০৭:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 237
যুক্তরাষ্ট্রে একের পর এক শীর্ষ বিজ্ঞানীর মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় নাসা ও সংশ্লিষ্ট গবেষণা মহলে উদ্বেগ ও জল্পনা ক্রমেই বাড়ছে, যদিও কর্তৃপক্ষ এখনো স্পষ্ট কোনো যোগসূত্রের ইঙ্গিত দেয়নি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং এর সহযোগী বিভিন্ন গবেষণাগারে কর্মরত একাধিক শীর্ষ বিজ্ঞানীর মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে অস্বাভাবিক এক ধোঁয়াশা।
সাম্প্রতিক বছরগুলোতে অন্তত ১০ জন বিজ্ঞানীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যা বিজ্ঞান ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।
এই তালিকায় রয়েছেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির অভিজ্ঞ গবেষক থেকে শুরু করে নিউ মেক্সিকোর লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির কর্মী পর্যন্ত অনেকে। কেউ হঠাৎ করে নিখোঁজ হয়েছেন, আবার কেউ অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুবরণ করেছেন—যার কিছু ঘটনার ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি।
প্রথম দিকের আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালে বিজ্ঞানী মাইকেল ডেভিড হিকসের মৃত্যু। প্রায় আড়াই দশক ধরে গ্রহাণু ও মহাকাশ গবেষণায় যুক্ত এই গবেষকের মৃত্যুর কারণ নিয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
এরপর ২০২৪ সালে তার সহকর্মী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যান। এই দুটি ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা নিয়েও নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে ২০২৫ সালে নাসার আরেক গবেষক মনিকা রেজা হাইকিংয়ের সময় নিখোঁজ হন। উদ্ধার অভিযান চললেও তার কোনো সন্ধান মেলেনি। একই বছরে আরও কয়েকটি নিখোঁজ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুক্ত হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন আরও ঘনীভূত হয়।
নিউ মেক্সিকোর লস আলামস ল্যাবরেটরির দুই কর্মীর নিখোঁজ হওয়া এবং মার্কিন সামরিক গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত এক সাবেক কর্মকর্তার অস্বাভাবিক অন্তর্ধান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত জিনিসপত্র রেখে নিখোঁজ হওয়ার ঘটনাও তদন্তকারীদের বিভ্রান্ত করছে বলে জানা যায়।
অন্যদিকে, কিছু বিজ্ঞানীর মৃত্যু সরাসরি সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত হলেও তার পেছনের কারণ নিয়ে একাধিক ব্যাখ্যা সামনে এসেছে। বিশেষ করে মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি সংক্রান্ত গবেষণার সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য যোগসূত্র নিয়ে অনলাইনে নানা আলোচনা ছড়িয়ে পড়ে, যদিও সেগুলোর বেশিরভাগই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়।
এফবিআই ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, প্রতিটি ঘটনার আলাদা তদন্ত চলছে। বিদেশি সম্পৃক্ততা বা কোনো সংগঠিত ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি, যা সরাসরি এসব ঘটনাকে এক সূত্রে বাঁধতে পারে।
রাজনৈতিক পর্যায়েও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছু আইনপ্রণেতা মনে করছেন, এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ কম, বরং আরও গভীর তদন্ত প্রয়োজন। অন্যদিকে, একাংশ একে দুঃখজনক হলেও আলাদা আলাদা ব্যক্তিগত ঘটনা হিসেবেই দেখার পক্ষপাতী।































