যুবদলের নয়নের গ্রেপ্তার চাইলেন জামায়াত এমপি

- সর্বশেষ আপডেট ১০:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 75
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে সংসদে বিবৃতি দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
সংসদে তিনি অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলামকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় রাহেদুল নিজেকে জামায়াতে ইসলামীর সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন নাজিবুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ বিষয়ে দুই মন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য চান তিনি।
এদিকে আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সমাবেশ থেকে রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের এবং তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এর আগেও রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে নয়নের উপস্থিতি নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছিল।































