যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

- সর্বশেষ আপডেট ০৯:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 218
যশোর, মাগুরা ও ঝিনাইদহ- এই তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে প্রায় ছয় কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে যশোরের ৬৯টি, মাগুরার ১৯টি এবং ঝিনাইদহ জেলার ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, চালকদের প্রতি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘দেশে দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে। ফলে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।’
সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। তারা মন্তব্য করেন যে, এই আর্থিক সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি ও স্বচ্ছলতা বয়ে আনবে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর বিআরটিএ-এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে আবেদনগুলো যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।
































