মেহেরপুরে ৫৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ

- সর্বশেষ আপডেট ১২:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 231
মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২৬ ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, জব্দ তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
































