মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৯:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 17
সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, আইস, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সীমান্ত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নতুন বিওপি ও টিওবি নির্মাণ করা হয়েছে। আরও নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এর ফলে টহল কার্যক্রম বাড়ানো এবং সীমান্তে নজরদারি শক্তিশালী করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্বত্য সীমান্তে সড়ক নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে, যা সীমান্ত অপরাধ দমনে সহায়ক হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও অনুপ্রবেশ, মাদক, অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। একইভাবে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।




































