শিশু যৌনপাচারের অভিযোগ
মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে এফবিআই
- সর্বশেষ আপডেট ১১:৪২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 110
আন্তর্জাতিক শিশু যৌনপাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন।
এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুবাইদুল আমিনের বিরুদ্ধে ২০২২ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারে জাল বিছিয়েছিল মার্কিন গোয়েন্দারা।
এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় দেশটিতে আত্মগোপনে থাকা জুবাইদুলকে আটক করা হয়। গতকাল রাতে এফবিআইয়ের অ্যাঙ্কোরেজ শাখা তাঁকে মালয়েশিয়া থেকে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে আসে। আজই তাঁকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।
এফবিআই জানিয়েছে, এই মামলার তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। জুবাইদুলের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। ২৮ বছর বয়সী জোবাইদুল আমিনকে ৪ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়।
মার্কিন সরকারি অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কার একটি গ্র্যান্ড জুরি আমিনের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট- ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে যৌন স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। এই অপরাধ কেবল আলাস্কায় সীমাবদ্ধ ছিল না; যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিদেশেও তাঁর নেটওয়ার্ক বিস্তৃত ছিল।
মামলার নথি অনুযায়ী, আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
এর আগে, তিনি মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়। পরে দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার সমন্বয়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
































