মানবপাচারে জড়িত ভুয়া ট্রাভেল এজেন্সি নিয়ে সতর্কবার্তা
- সর্বশেষ আপডেট ০৩:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 137
মানবপাচারের অভিযোগে আলোচনায় আসা একটি ভ্রমণ প্রতিষ্ঠান নিয়ে সতর্কবার্তা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস’; এটি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নয়।
রোববার সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ পর্যালোচনার পর তদন্তে দেখা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’-এর লাইসেন্সের মেয়াদ ২০২১ সালেই শেষ হয়েছে। এরপরও প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মন্ত্রণালয় জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স নবায়ন ছাড়া কোনো ভ্রমণ সংস্থার ব্যবসা পরিচালনা বেআইনি। কিন্তু অনেক প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ অনুমোদন কিংবা কোনো নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে এবং সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
এ অবস্থায় বিদেশ ভ্রমণ, বিমান টিকিট বা ভ্রমণ প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ও অনুমোদনের বৈধতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনের মাধ্যমে সরকারি ব্যবস্থায় ভ্রমণ সংস্থার নিবন্ধন ও নবায়নের তথ্য যাচাই করা সম্ভব। এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি কমবে।






























