মহেশপুর প্রেস ক্লাবে হামলা ও লুটপাট
- সর্বশেষ আপডেট ০১:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 130
ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাব কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাব কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তারা আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় কার্যালয়ে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ক্লাব কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখতে পান।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































