ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

- সর্বশেষ আপডেট ১২:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 176
ময়মনসিংহের ভালুকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, মহাসড়কের ওই অংশে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় উভয় দিকে যানবাহন একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক তরুণ নিহত হন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর জড়িত দুই বাসকেই জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।































