মধ্যপ্রাচ্যে ১০০০ মার্কিন প্যারাট্রুপার মোতায়েন

- সর্বশেষ আপডেট ০৫:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 151
ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে এক হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক উপস্থিতি জোরদারের এই পদক্ষেপকে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় এক হাজার সদস্য ধাপে ধাপে ওই অঞ্চলে পৌঁছাবেন। খুব শিগগিরই তাদের মোতায়েন শুরু হতে পারে। এতে আগেই বাড়তে থাকা সামরিক চাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে একই সময় ট্রাম্প প্রশাসন বলছে, তারা সংঘাত থামাতে কূটনৈতিক পথেই এগোতে চায়। ইরানের সঙ্গে আলোচনার কথাও জানানো হয়েছে। বাস্তবে মাঠের প্রস্তুতি আর আলোচনার ভাষা—দুইয়ের মধ্যে যে দূরত্ব আছে, সেটি স্পষ্টই ধরা পড়ছে।
মোতায়েন হওয়া এই দলে ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগটমায়ারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা থাকছেন। পাশাপাশি ১ম ব্রিগেড কমব্যাট টিমের একটি ব্যাটালিয়ন যুক্ত হবে, যা বর্তমানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাহিনী হিসেবে দায়িত্বে রয়েছে।
প্রাথমিক অংশ এক সপ্তাহের মধ্যে পৌঁছাতে পারে, পরে পরিস্থিতি বুঝে অন্য ইউনিটগুলো যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই বাহিনীকে মূলত প্রস্তুত অবস্থায় রাখা হবে। প্রয়োজন হলে দ্রুত মোতায়েন কিংবা হস্তক্ষেপ—দুটোই তাদের দায়িত্বের মধ্যে পড়বে। ২০২০ সালে ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পরও একই ধরনের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাহিনী এমনভাবে গড়ে তোলা হয়, যাতে অল্প সময়ের নোটিশেই তারা অভিযান চালাতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে স্থানান্তর হয়ে কার্যক্রম শুরু করার সক্ষমতাই এদের মূল বৈশিষ্ট্য।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছে, তা ধীরে ধীরে বিস্তৃত আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানছে। এরই মধ্যে অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার খবর মিলছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালিকে ঘিরে। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও অনিশ্চয়তার এক নতুন পর্বে ঢুকে পড়েছে বলেই মনে হচ্ছে।

































