ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ল

- সর্বশেষ আপডেট ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 87
মার্চ মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে ব্যবসায়ীরা এখন ২৩ এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছেন, সরকারি ছুটি ও কারিগরি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
মার্চ মাসের মূল্য সংযোজন কর ভ্যাটের অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ই ভ্যাট ইউনিটের এক নোটিশে জানানো হয়েছে, নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
নোটিশে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই ভ্যাট সিস্টেম উন্নয়নজনিত কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেক করদাতার রিটার্ন জমা দেওয়া কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে সময় বাড়ানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের ভ্যাট রিটার্ন ও অর্থ জমা দিতে হয়। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানার মুখে পড়তে হয়।































