ভৈরব নদে কয়লাবোঝাই জাহাজ ডুবি

- সর্বশেষ আপডেট ০৮:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 71
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রাজ টেক্সটাইল মিলের পেছনে মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এম.ভি আরাফাতের নূর, এতে প্রায় ৯০০ মেট্রিক টন কয়লা ছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ সূত্রে জানা গেছে, কয়লাগুলো আফ্রিকা থেকে একটি বড় জাহাজে (মাদার ভেসেল) করে মোংলা সমুদ্রবন্দরের হাড়বাড়িয়া ৪ নম্বর ঘাটে আনা হয়। পরে সেখান থেকে গত ৩১ জানুয়ারি ছোট কার্গো জাহাজ এম.ভি আরাফাতের নূরে কয়লা লোড করে নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় এনে নোঙর করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়লা আনলোডের উদ্দেশ্যে জাহাজটি ভৈরব নদে ভাঙ্গাগেট এলাকার মীর রাসেল ঘাটে ভেড়ানো হয়। তবে মধ্যরাতে ভাটার সময় জাহাজটি নোঙর করে রাখা দুটি দড়ি ছিঁড়ে গেলে সেটি কাত হয়ে পড়ে। একপর্যায়ে জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং মঙ্গলবার ভোর রাতের মধ্যে সেটি সম্পূর্ণভাবে নদীতে ডুবে যায়।
এম.ভি আরাফাতের নূর জাহাজের মাস্টার দিদারুল আলম জানান, ৩১ জানুয়ারি থেকে জাহাজটি রাজঘাট এলাকায় নোঙর করা ছিল। সোমবার সন্ধ্যায় কয়লা খালাসের জন্য মীর রাসেল ঘাটে আনা হয়। গভীর রাতে জাহাজের দুটি আলাম-কাচী ছিঁড়ে গেলে জাহাজটি একদিকে হেলে পড়ে। পরে রাত আনুমানিক ৩টার দিকে জাহাজে পানি উঠতে শুরু করে এবং ভোর হওয়ার আগেই সেটি ডুবে যায়। জাহাজে থাকা তিনি ও আরও সাতজন নাবিক সবাই নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজের নওয়াপাড়া অফিসের ইনচার্জ মোহাম্মদ রিদুয়ান কবির বলেন, ডুবে যাওয়া কার্গো জাহাজটিতে আনুমানিক ৯০০ মেট্রিক টন কয়লা ছিল, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। উদ্ধার কার্যক্রম শেষ হলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
এ বিষয়ে নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই বিআইডব্লিউটিএর উদ্যোগে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।































