বেতন–ভাতা নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ
- সর্বশেষ আপডেট ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 150
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা কাঠামো পুনর্গঠনের কাজে আরও একধাপ এগোতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নতুন কাঠামো চূড়ান্ত করতে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে সভাপতিত্ব করবেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের বর্তমান বেতন–ভাতা ও সুবিধা পর্যালোচনা করেই সুপারিশ চূড়ান্ত করা হবে।
এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী, রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করা হয়।
গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং কমিশনের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানান, বেতন কাঠামো প্রণয়নে একটি স্বাধীন পে কমিশন কাজ করছে।
তার মতে, তিনটি প্রতিবেদন পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ করা হবে। বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরি করবে, আর পরবর্তী সরকার বাস্তবায়নের দায়িত্ব নেবে।
তিনি আরও বলেন, গত আট বছরে বেতন কাঠামোতে কোনো বড় পরিবর্তন হয়নি, তাই এবার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেটের সীমাবদ্ধতা ও সামাজিক খাতে ব্যয়ের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে। তার মন্তব্য—“পরবর্তী সরকার কেন পে কমিশন দেবে না? এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া।”






































