ইইউ মিশন প্রধান
বিশ্বাসযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

- সর্বশেষ আপডেট ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 72
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হিসেবে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ভোটারদের মধ্যে দৃশ্যমান উৎসাহের কথাও জানিয়েছেন মিশন প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শনের পর ইভার্স ইজাবস বলেন, দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা গেছে। বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হলে সহকর্মীদের নিয়ে তিনি রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরে কার্জন হলে যান।
ইজাবস বলেন, সারা দেশে মোতায়েন থাকা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে নিয়মিত প্রতিবেদন ও তথ্য পাওয়া যাচ্ছে। পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ ২০০ জনের বেশি পর্যবেক্ষক দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করেছে।
মিশন প্রধান আরও বলেন, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। তাদের কাজ কেবল নির্বাচন পর্যবেক্ষণ করা। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।































