বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন
- সর্বশেষ আপডেট ০৩:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 194
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনায় শুরু হয়েছে অনলাইন পিটিশন। এতে ইতোমধ্যে ৬১ হাজার ৫০০-এর বেশি ফুটবলভক্ত স্বাক্ষর করেছেন।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। এরপর থেকেই ম্যাচের রেফারিং ও ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে দেশটির সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
চেঞ্জডটওআরজি প্ল্যাটফর্মে গিসেলা সানচেজ নামে এক ফুটবল সমর্থক পিটিশনটি চালু করেন। এতে ফিফার কাছে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিসের পরিচালনা এবং ভিএআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনের উদ্যোক্তার দাবি, ম্যাচে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত ছিল যা খেলার গতিপথে প্রভাব ফেলেছে। যদিও অভিযোগগুলোর পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবুও পুরো বিষয়টি পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে ক্রীড়া বিধিমালা অনুযায়ী, ব্যতিক্রমী পরিস্থিতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্ত ছাড়া কোনো আন্তর্জাতিক ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। ফলে এই অনলাইন পিটিশনের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ফল পরিবর্তনের কোনো আইনি বা আনুষ্ঠানিক বাধ্যবাধকতা তৈরি হয় না।
এর আগে স্পেন-ফ্রান্স সেমিফাইনাল পুনরায় আয়োজনের দাবিতেও ৮২ হাজারের বেশি স্বাক্ষরসংবলিত একটি অনলাইন আবেদন জমা পড়েছিল। কিন্তু সেটিও কোনো ফল বয়ে আনেনি।
উল্লেখ্য, ফাইনালের অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনাজুড়ে সমর্থকেরা রাস্তায় নেমে লিওনেল মেসি ও দলের প্রতি সমর্থন জানান। রাজধানী বুয়েন্স আয়ার্সে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।



































