বিএনপি ২২০, জামায়াত ৫৭ আসন :জরিপ

- সর্বশেষ আপডেট ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 374
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে এগিয়ে থাকতে পারে বলে একটি জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ভোটারদের বড় অংশ বিএনপিকে সমর্থন জানালে দলটি প্রায় ২২০টি আসন পেতে পারে, অন্যদিকে জামায়াতে ইসলামীর ঝুলিতে যেতে পারে ৫৭টি আসন। এই ফলাফলকে সম্ভাব্য রাজনৈতিক পালাবদলের পূর্বাভাস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ পরিচালিত এই জরিপের ফল সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রকাশ করা হয়। সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জরিপ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক শিক্ষার্থী ও পাঁচজন পিএইচডি ডিগ্রিধারী গবেষক যুক্ত ছিলেন। মোট ৩০০ জনের কাছে চারটি করে প্রশ্ন করা হয়।
জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ৭৭ শতাংশ বলেছেন, তারা বিএনপিকে সমর্থন করেন। জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ। এনসিপির পক্ষে ৩ শতাংশ, জাতীয় পার্টির পক্ষে ২ শতাংশ এবং অন্যান্য দলের পক্ষে ১ শতাংশ সমর্থন পাওয়া গেছে। এক শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।
গণভোটে সংস্কার প্রশ্নে ভোটের বিষয়ে এখনো অনিশ্চয়তা স্পষ্ট। এ প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এখনো সিদ্ধান্ত নেননি। তবে ৩০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আসন বণ্টন নিয়ে করা প্রশ্নে যে চিত্র উঠে এসেছে, তাতে বিএনপি ২২০টি, জামায়াতে ইসলামী ৫৭টি, জাতীয় পার্টি ৫টি, এনসিপি ২টি, স্বতন্ত্র প্রার্থীরা ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।
এই জরিপের ফলাফল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করলেও, বাস্তব ফল কতটা এর সঙ্গে মিলবে তা নির্ভর করবে ভোটের দিন ভোটার উপস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং শেষ মুহূর্তের রাজনৈতিক গতিপ্রকৃতির ওপর।
































