বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ১০:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 114
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। তাদের অভিযোগ, ঘটনার পর সময় গড়ালেও এখনো মূল অভিযুক্তরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে নিহত রেজাউল করিমের মা আফরোজা বেগম, ভাই এনামুল হক, মামলার বাদী আব্দুল ওয়াদুদসহ স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। বক্তাদের ভাষ্য, ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও মামলার বেশ কয়েকজন আসামি এখনো গ্রেপ্তার হয়নি, যা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বাড়ছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জুন বিকেলে মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া পূর্বপাড়া এলাকার বিএনপি নেতা রেজাউল করিম পার্শ্ববর্তী গড়েরপাড় গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে পূর্বের জমি–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তার মৃত্যু হয়।
ঘটনার দিনই নিহতের ছোট ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে আব্দুল ওয়াদুদ অভিযোগ করেন, কিছু আসামি এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযুক্তদের কেউ কেউ বিদেশে লোক পাঠানো, ভিসা বাণিজ্য ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারে—যা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্রেপ্তার না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বড় ধরনের আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি জানান, ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।





























