বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে থানায়
- সর্বশেষ আপডেট ১২:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 31
গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে হাতের রগ কাটা অবস্থায় ছেলের এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাবা সোহেল হোসেন (৫২) ও ছেলে সাকিব হোসেন (১৮)। টঙ্গী বনমালা এলাকা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। কিছু বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়েই বাড়িতে বসবাস করতেন। সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন।
আরও জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় নিহত সাকিব হোসেনের মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। এদিকে বাবা সোহেল হোসেনের লাশ টঙ্গীর বনমালা রেললাইন এলাকায় পাওয়া যায়। খবর পেয়ে সকালে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলে সাকিব এবং রেললাইনের পাশ থেকে তার বাবা সোহেল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।
































