বাবার জন্য খাবার দিতে গিয়ে নদীতে প্রাণ গেল তামিমের

- সর্বশেষ আপডেট ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 141
হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড। শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো চরচেঙ্গা গ্রাম।
১০ জুন বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় ছোট্ট তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৬টার দিকে কোস্টগার্ড তামিমের মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর কান্নাজড়িত কণ্ঠে বাবা শাহাদাত হোসেন বলেন,
“আমার ছেলে প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসত। সেদিনও বাবাকে খাওয়াতে এসেছিল। আমি জানতাম না, এটাই হবে তার শেষ আসা। যদি একবার তাকে চোখের আড়াল না করতাম, তাহলে হয়তো আজ আমার বুক খালি হতো না। আমার তামিম আর কখনো ‘আব্বা’ বলে ডাকবে না।”
শিশুটির মা বিলাপ করতে করতে বলেন,
সকাল থেকে শুধু আমার ছেলেটার মুখটা একবার দেখার জন্য অপেক্ষা করেছি। আল্লাহ আমার বুকের ধনটাকে নিয়ে গেলেন। বাবার জন্য খাবার দিতে গিয়ে আমার সন্তানই আজ লাশ হয়ে ফিরে এলো। আমি এই শোক কিভাবে সহ্য করব?”
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে ভোলা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় বুধবার বিকেলে কোস্টগার্ড শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিশু তামিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার জন্য খাবার নিয়ে যাওয়া ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক পরিণতি স্থানীয়দেরও চোখে জল এনে দিয়েছে।































