বান্দরবানে কোটি টাকার দুর্নীতি অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 431
বান্দরবানের আলীকদমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে তিন কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ, উন্নয়নের নামে ভূয়া প্রকল্পের সাইনবোর্ড বসিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের জন্য ২ কোটি ৪৫ লাখ টাকা, ৯৫.৩৯ টন চাল ও ৯৫.৩৯ টন গম বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু প্রকল্পের বড় অংশ কাগজে-কলমে দেখিয়ে উত্তোলন করা হয়েছে, বাস্তবে অনেক প্রকল্পই নেই।
স্থানীয়রা অভিযোগ, পিআইও ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে যোগসাজসে সরকারি টাকা ভাগাভাগি করেছেন। প্রকল্পের নামে পুরাতন রাস্তা দেখিয়ে খাদ্যশস্য উত্তোলন করা হয়েছে। কলার ঝিরি থেকে চৈক্ষ্যং খাল পর্যন্ত রাস্তায় বরাদ্দ ১০.২৫ মে.টন খাদ্যশস্য উত্তোলন হয়েছে, তবে প্রকল্পের বাস্তব কাজ নেই।
প্রকল্প সভাপতি আবদুল মতিন জানিয়েছেন, “রাস্তাটি মানুষ দিয়ে করা হয়েছে, আমি কাজ করিনি।” সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, তার নামে কোনো প্রকল্প নেই এবং প্রকল্পগুলো যাচাই করে দেখার আহ্বান জানান।
নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন, তবে সাংবাদিকদের কাছে স্পষ্টভাবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা বলেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেছেন, প্রকল্পগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































