কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

- সর্বশেষ আপডেট ০৩:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 142
কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া (৩২) বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে। নিহত ঝর্ণা আক্তার তার স্ত্রী ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ এপ্রিল রাতে বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটিতে মায়ের বাড়িতে রান্না করছিলেন ঝর্ণা আক্তার। এ সময় সেখানে গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করেন তার স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়া।
ছুরিকাঘাতে গুরুতর আহত ঝর্ণাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল ওরফে সাগর মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে স্ত্রী হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
































