বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 201
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার হিসেবে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে এ বিনিয়োগ আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকায় বিনিয়োগের পরিবেশ অনুকূলে রয়েছে। ফলে চীন সরকার ও উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
তিনি জানান, বর্তমানে প্রায় ১০ হাজার চীনা নাগরিক বাংলাদেশের বিভিন্ন খাতে কর্মরত আছেন। উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান অগ্রাধিকারই হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।
বৈঠকে সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য ‘ইন্টারন্যাশনাল এলায়েন্স কমব্যাটিং টেলিকম অ্যান্ড সাইবার ফ্রড’ জোটে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাবও তুলে ধরেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সংক্রান্ত দুই দেশের বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে চীন সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং চীন সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




































