ববি’তে সহপাঠীর ছবি বিকৃতি; শাস্তি দাবি

- সর্বশেষ আপডেট ০২:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 163
বরিশাল বিশ্ববিদ্যালয়-এর (ববি) রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি গোপনে সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা এবং অপব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাধারণ শিক্ষার্থী এবং সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরা পৃথক দুটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে (অভিযোগ অনুযায়ী ২০২৪ সাল থেকে) সহপাঠী কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত ছবি তার ব্যক্তিগত ডিভাইসে সংরক্ষণ করে আসছিলেন। সম্প্রতি তার মোবাইল ফোন জব্দ করে সেখানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আপত্তিকর ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত ছবি-ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগকারীরা দাবি করেন।
ভুক্তভোগীরা জানান, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভাষ্য, এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়; বরং ঘটনার সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত থাকতে পারে বলেও তারা সন্দেহ করছেন।
অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং তার স্নাতক সনদ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের, দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সনাতন ধর্মাবলম্বী ছাত্রী বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় তাদের অনেক একক ও দলীয় ছবি তোলা হয়েছে। সেসব ছবি অপব্যবহারের আশঙ্কায় তারা আতঙ্কিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানান, মঙ্গলবার রাতে এক ছাত্রী অভিযুক্তের ফোনে নিজের অজান্তে তোলা আপত্তিকর ছবি দেখতে পান। পরে ফোনটি পরীক্ষা করে আরও বহু ছাত্রীর ছবি পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম ও বিভাগের শিক্ষকদের খবর দেন। তাদের উপস্থিতিতে রাতেই প্রাথমিক আলোচনা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তের অভিভাবকদের অবহিত করে।
পরদিন সকালে বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. মাসুদ পারভেজ বলেন, অভিযুক্তের ডিভাইস পরীক্ষা করা হচ্ছে এবং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যৌন নিপীড়নবিরোধী সেলকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হবে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী ছবি বা ভিডিও বাইরে ছড়িয়েছে কি না এবং অন্য কোনো চক্রের সঙ্গে যুক্ত কি না- সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশে মামলা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।































