বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯
- সর্বশেষ আপডেট ১১:৪২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 147
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার দিকে যাচ্ছিল মাইক্রো বাসটি। সকাল সাড়ে সাতটার দিকে ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রো বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।






























