ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 7
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার মরদেহ শনাক্ত হওয়ায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে।
ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট শুক্রবার (১ মে) বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করে। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তদন্তে আরও একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে সন্দেহ তৈরি হয়। আদালতের নথিতে উল্লেখ করা হয়, পাওয়া পোশাক ও সিসিটিভি ফুটেজে শেষবার বৃষ্টিকে যে পোশাকে দেখা গিয়েছিল তার মধ্যে মিল রয়েছে, যা পরিচয় নিশ্চিতকরণে সহায়ক হয়।
এদিকে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
লিমনের মরদেহ ২ মে ফ্লোরিডা থেকে বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে, যা দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে।

























