জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাশ’ সেবা। প্রাথমিকভাবে ঢাকার দুইটি ফিলিং স্টেশনে এটি ব্যবহার শুরু হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ডিজিটাল এই ব্যবস্থায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করা যাবে। এতে লাইনে ভিড় ও অনিয়ম কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রথম ধাপে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এ সেবা চালু করা হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এটি বিস্তৃত করা হবে।
কর্তৃপক্ষ জানায়, অ্যাপটির মাধ্যমে একজন ব্যবহারকারী নির্ধারিত ফুয়েল বরাদ্দ দেখতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করেই জ্বালানি নিতে পারবেন। স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে কোড প্রিন্ট করার সুযোগ রাখা হয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাশ’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। এরপর যানবাহনের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
জ্বালানি বিভাগ বলছে, এই ব্যবস্থায় কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে সংযোগ থাকায় জ্বালানি বিতরণ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে। একই ব্যক্তি বারবার অতিরিক্ত জ্বালানি নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগ সফল হলে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।