শান্তিপূর্ণ, সুষ্ঠু ভোটের জন্য প্রশাসন প্রস্তুত

- সর্বশেষ আপডেট ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 93
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে প্রস্তুত।
ফরিদপুরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। “আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব,” তিনি জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটি খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। “এটা একটি ক্রেডিবল ইলেকশন হবে,” তিনি যোগ করেন।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের আছে। এখানে আজকের মতবিনিময় সভায়ও এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।”































