প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাতের জামিন নামঞ্জুর

- সর্বশেষ আপডেট ০৩:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 192
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
শুনানিতে সিফাতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা আয়োজনের ক্ষেত্রে মদদ দিয়েছেন। পুলিশ তদন্ত করে এ বিষয়ে প্রমাণ পেয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়ে জানতে চাইলে পিপি বলেন, রিমান্ড আবেদনের সময়সীমা এখনো শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় তার রিমান্ড আবেদন করতে পারে।
অন্যদিকে, সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম রবি অভিযোগ করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে তার মক্কেলের জামিন নামঞ্জুর হয়েছে। তিনি বলেন, সিফাতকে আটকের পর পুলিশ জানিয়েছিল, সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। কিন্তু পরে তাকে পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আইনজীবীর দাবি, এ ঘটনায় সিফাতের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। এসব বিষয় আদালতে তুলে ধরার পরও বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠায় পুলিশ।



































