প্রথম দিনে যে সতর্কবার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল
- সর্বশেষ আপডেট ০৫:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 87
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রথম কর্মদিবসে কড়া বার্তা দিয়েছেন। কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার বিরুদ্ধে বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি রোববার নিজের দায়িত্ব গ্রহণ করেন। সকাল ১১টায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ গ্রহণ করি, তবে দায়িত্ব পালনকালে দলীয় বিষয় প্রভাব ফেলবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থেই কাজ করব এবং কোনো তদবির বা দুর্নীতিকে সুযোগ দেব না।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারপ্রক্রিয়ায় বাধা কমানোর স্বপ্ন দেখেন তিনি। তরুণ আইনজীবীদের দ্রুত বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে পেশাজীবী হওয়ার সুযোগ নিশ্চিত করতেও মনোযোগ দেবেন।
সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী, তবে অপতথ্য বা এআইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে সতর্ক থাকতে হবে।






































