প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী
- সর্বশেষ আপডেট ০৮:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 18
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর সঙ্গে নিজের ছবি যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের এক তরুণী। তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তিনি নন এবং পরিকল্পিতভাবে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই তরুণী জানান, তিনি পঞ্চগড়ের একটি সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী এবং পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দা। তিনি বলেন, কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় তৎকালীন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ছবি তুলেছিলেন। সম্প্রতি সেই পুরোনো ছবিটি ভাইরাল ভিডিওর সঙ্গে জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল পরিচয়ে প্রচার করা হচ্ছে।
তার দাবি, ভিডিওতে থাকা নারী তিনি নন। অথচ তার ছবি ব্যবহার করে তাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, উপস্থাপনার কাজের সূত্রে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও পরে ভুল ব্যাখ্যার আশঙ্কায় সেটি মুছে ফেলেন। কিন্তু কেউ সেই ছবি সংরক্ষণ করে অপপ্রচারের কাজে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাকে ভিন্ন ধর্মীয় পরিচয়ে উপস্থাপন করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ভিডিওটির সত্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে বলে তার ধারণা। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি অভিযোগ করেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

































