রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার তহবিল
- সর্বশেষ আপডেট ১০:১২:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 76
তৈরি পোশাকের বাইরে দেশের রপ্তানি খাত সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ উদ্যোগে অপ্রচলিত খাতগুলোর বিকাশ ও বৈদেশিক আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রোববার (৭ জুন) টেকসই অর্থায়ন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রপ্তানির একটি সীমিত খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতেই এই তহবিল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য দিয়ে ঘূর্ণায়মান ভিত্তিতে এই তহবিল পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৪ শতাংশ সুদে পুনরর্থায়ন দেবে, আর রপ্তানিকারকরা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন।
এই সুবিধার মেয়াদ ধরা হয়েছে তিন বছর। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে এবং সুদ হিসাব করা হবে হ্রাসমান মূলধন পদ্ধতিতে।
নীতিগতভাবে স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারক, পাশাপাশি পাট ও চামড়া খাতকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রপ্তানি নীতি ২০২৪–২৭ অনুযায়ী উচ্চ অগ্রাধিকার ও বিশেষ উন্নয়ন খাতের শিল্পগুলোও এই স্কিমের আওতায় থাকবে।
তবে খেলাপি ঋণগ্রহীতা, রপ্তানি আয় দেশে না আনা প্রতিষ্ঠান এবং পূর্বে ঋণ অবলোপনের ইতিহাস রয়েছে—এমন প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে।
ইসলামী ব্যাংকগুলো শরিয়াহভিত্তিক পদ্ধতিতে এই স্কিমে অংশ নিতে পারবে, তবে সুদহার ও মেয়াদসংক্রান্ত শর্ত মানতে হবে।
ঋণ বিতরণের ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, যার মধ্যে থাকবে ডিমান্ড প্রমিসরি নোট, লেটার অব কন্টিনিউটি, ডেবিট অথরিটি লেটার এবং হালনাগাদ সিআইবি প্রতিবেদন।
এই স্কিমে ন্যূনতম ঋণ–ইকুইটি অনুপাত ৭০:৩০ বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি প্রান্তিক শেষে ১৫ দিনের মধ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিবেদন দিতে হবে।
কোনো ধরনের অনিয়ম বা মিথ্যা তথ্য পাওয়া গেলে স্বাভাবিক সুদের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সরাসরি অর্থ আদায়ের ক্ষমতাও থাকবে বাংলাদেশ ব্যাংকের।
সবশেষে প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী (সংশোধিত ২০২৩, ধারা ৪৫) এ স্কিম কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর থাকবে।
































