পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে

- সর্বশেষ আপডেট ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 175
বগুড়ার আদালত ফ্ল্যাট দেয়ার প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারক মেহেদী হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বর্তমানে তিনি পলাতক। প্রতারণার মামলাটি দায়ের করেন বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা।
বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক অতিরিক্ত ডিআইজি মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।
হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। তিনি প্রায় চার দশক ধরে পুলিশে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ ছিল, ২০২৩ সালে অসুস্থতার ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ আসনে স্ত্রীর নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়।
































