পুলিশের কাজে বাধা দিলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 215
জনভোগান্তি কমিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট করে জানান, পুলিশের বৈধ দায়িত্ব পালনে কেউ বাধা দিতে পারবে না। রাজনৈতিক বা সামাজিক যে পরিচয়ই থাকুক, অবৈধ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি বলেন, পুলিশের কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন। আইন প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, শুধু মুখে বললেই হবে না, বাস্তবেও সেই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। অতীতের রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। তাই সংস্কারের মাধ্যমে বাহিনীর মনোবল বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে শুধু পুলিশ নয়, রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই ক্ষতির মুখে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে নতুন উদ্যমে কাজ করতে হবে।
তিনি জানান, বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাহস জোগাবেন এবং সামনের পথচলার দিকনির্দেশনা দেবেন। অতীতের ব্যর্থতা নয়, ভবিষ্যতের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান বলে জানান তিনি।































