পাতানো নির্বাচন মানবে না জামায়াত

- সর্বশেষ আপডেট ০৬:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 126
জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, কোনো ধরনের পাতানো বা পক্ষপাতমূলক নির্বাচন তাদের দল কখনো মেনে নেবে না। তিনি বলেন, প্রশাসনের একটি অংশ ইতিমধ্যেই পক্ষপাতিত্ব করছে এবং নির্বাচনকে সমতল ও ন্যায্য করার জন্য আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৬ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় প্রতিনিধি দলটি জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি, কোনো হুমকি বা প্রভাব খাতের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিল।
জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন। যদি এ ধরনের পরিস্থিতি ঠিক না হয়, তাহলে জামায়াত তাদের অবস্থান কঠোরভাবে জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও দায়িত্বশীল ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার এবং জনমনে নিরাপত্তার আশঙ্কা প্রসঙ্গে জুবায়ের বলেন, প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হতে হবে, যাতে আতঙ্ক সৃষ্টি না হয়। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বিভিন্ন ধরনের বাধা ও হয়রানি করা হচ্ছে এবং দেশের ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে।
জুবায়ের জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য, তুরস্কসহ আরও কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল শিগগিরই জামায়াত কার্যালয়ে আসবেন।































