পাঠ্যবইয়ে থাকছে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা

- সর্বশেষ আপডেট ০৩:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 128
জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও শহীদ শরিফ ওসমান হাদির জীবন, সংগ্রাম ও শাহাদাতের কাহিনি ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির বৈঠকে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যবইয়ে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে তার জীবন, কর্ম, শাহাদাত এবং পরবর্তী ঘটনাবলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক প্রবন্ধের আলোকে নতুন পাঠ সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
সভা সূত্র জানায়, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ওসমান হাদিকেও একই ধরনের বিন্যাসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝালকাঠির নলছিটির সন্তান ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন। ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও তার আগেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।































