পহেলা বৈশাখে সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৬:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 44
দেশজুড়ে পহেলা বৈশাখ উদযাপনকে নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশের সব বৈশাখী অনুষ্ঠান এলাকায় বিকাল ৫টার পর নতুন জনসাধারণ প্রবেশ করতে পারবে না। ঢাকার চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশ নিতে পারবে না।
ফানুস উড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। মোটরসাইকেল বা গাড়ির রেসিংও ৩০০ ফিট এলাকায় বন্ধ থাকবে। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আর্চওয়ে বসানো হবে।
ইভটিজিং, ছিনতাই ও পকেটমার রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম মোতায়েন থাকবে। রমনা লেকে দুর্ঘটনা রোধে ডুবুরি দল দায়িত্বে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার জন্য বলা হয়েছে। শিশুদের পরিচয় সম্বলিত নোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি নিরাপদে উদযাপন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ভূমিকা রাখবে।
































