পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন, সীমান্তে কড়া নজরদারি
- সর্বশেষ আপডেট ০৪:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 25
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে কড়া সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সচিবালয়ে ঈদকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিতে এই হটলাইন চালু করা হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশও থাকবে, যাতে পুরো কার্যক্রম আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত থাকে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে মূল উদ্বেগ নিরাপত্তা; বিশেষ করে যেন কোনোভাবেই পুশইনের ঘটনা না ঘটে। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলবে বলেও জানান তিনি।
কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সাত দিনের মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে আলাদা হটলাইন সার্বক্ষণিকভাবে সচল রাখা হবে।
শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়। সরকার জানিয়েছে, ঈদের আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।































