পলাশবাড়ীতে মালিক-শ্রমিক বিরোধের মীমাংসা

- সর্বশেষ আপডেট ০৯:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 145
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে চলমান বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় দুই পক্ষের নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে যানবাহন চলাচল ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ নিয়ে আলোচনা হয়। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি করা হয়।
বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘বকুল এন্টারপ্রাইজের’ গাড়ি আগের মতোই সড়কে চলাচল করতে পারবে। এর মধ্য দিয়ে গাড়িটির চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে।
বৈঠকে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত, বাস মালিক বকুল, মিজানুর রহমান নিক্সন, ফরহাদ মাস্টার, আলম মণ্ডল, হারুন অর রশিদ হারুন, শাহ আলম ও রনিসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, সহ-সম্পাদক মিল্লাত সরকার মিলন, প্রচার সম্পাদক রাজু আহমেদ ও সদস্য মাহাদুল হাসান মাহমুদসহ সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে উভয় পক্ষের নেতারা বিরোধের মীমাংসাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।































