পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

- সর্বশেষ আপডেট ০১:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 229
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে দুর্বৃত্তরা এই নাশকতার চেষ্টা চালায়। তবে দুই কিশোরের সাহসিকতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল দুই কিশোর। বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া না গেলেও সব দিক মাথায় রেখে কাজ করছি। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।


































